মির্জাপুর দ্য মুভিসিরিজের পর এবার বড় পর্দায় আসছে মির্জাপুর-দ্য মুভি। মুক্তি পেল ছবির টিজার। প্রেক্ষাগৃহে ছবিটি কবে দেখা যাবে তাও টিজারে ঘোষণা করা হয়েছে।
ছবিতে নতুন এন্ট্রির মধ্যে রয়েছেন রবি কিষাণ, জিতেন্দ্র কুমার এবং সোনাল এস চৌহান। ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহিত মালিক, শিবা চাড্ডা, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর ত্রিপাঠী।
এই প্রথমবার মির্জাপুরের ওটিটি সিরিজ প্রেক্ষাগৃহে আসছে। একই রকম তীব্রতা, গল্প বলার ধরণ ও বিশাল পরিসরকে সিনেমার পর্দায় নিয়ে আসা হচ্ছে। সিরিজটি ২০১৮ সালে প্রথম মুক্তি পেয়েছিল। এখনও পর্যন্ত তিনটি সিজন মুক্তি পেয়েছে। তবে, চলচ্চিত্রটি বড় পর্দার জন্য নির্মিত। নতুন গল্পের মাধ্যমে এই কাহিনীকে আরও প্রসারিত করা হয়েছে। একারণেই শো-তে মারা যাওয়া বেশ কিছু চরিত্র—দিব্যেন্দুর মুন্না ভাইয়া, কুলভূষণ খরবন্দার সত্যনন্দ ত্রিপাঠি এবং শ্রিয়ার সুইটি গুপ্তাকে—এই চলচ্চিত্রে দেখা যাবে।
ছবিটির আরও একটি আকর্ষণ হল বাবলু পণ্ডিতে। প্রথম সিজনে অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনীত চরিত্রটিতে এখন অভিনয় করবেন জিতেন্দ্র কুমার। এই কাহিনিতে নতুন গ্যাংস্টার হিসেবে যোগ দিচ্ছেন রবি কিষাণ। টিজারটিতে পূর্বাঞ্চলের রাস্তা থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে।
'মির্জাপুর: দ্য মুভি' পরিবেশন করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট। গুরমিত সিং পরিচালিত, পুনীত কৃষ্ণ রচিত এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার প্রযোজিত ও কাসিম জাগমাগিয়া ও বিশাল রামচন্দনী সহ-প্রযোজনায় এই চলচ্চিত্রটি ৪ সেপ্টেম্বর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।