একদিকে রাজনৈতিক ক্ষোভ, অন্যদিকে একের পর এক আর্থিক প্রতিষ্ঠানে হামলা। রাতের অন্ধকারে কোথাও আগুন, কোথাও পেট্রোল বোমা, কোথাও আবার ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করার অভিযোগ। আর এই হামলার নিশানায় এমন একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ এবং জীবিকা। নাম গ্রামীণ ব্যাংক। যে ব্যাংককে ঘিরে একসময় আন্তর্জাতিক স্তরেও আলোচনা হয়েছে, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নোবেলজয়ী ড. মহম্মদ ইউনূসের পরিচিতি তৈরি হয়েছে, সেই ব্যাংকেরই বিভিন্ন শাখায় এখন হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, ইউনূসের প্রতি রাজনৈতিক ক্ষোভ কি এবার আছড়ে পড়ছে গ্রামীণ ব্যাংকের উপর? আর যদি তাই হয়, তাহলে এই হামলার মূল্য দিতে হবে কাদের? ইউনূসকে, নাকি সেই সাধারণ মানুষদের, যাঁদের সঞ্চয় আর ঋণের হিসাব এই ব্যাংকের সঙ্গে জড়িয়ে?
attacks on bangladesh grameen bank branches amid political unrest