Bangladesh PM To Visit India: ব্রিকসের জন্য দিল্লিতে বাংলাদেশকে আমন্ত্রণ, সেপ্টেম্বরেই মোদী-তারেক বৈঠক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ' পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কি সামনের মাসেই মোদী-তারেক বৈঠক?

Advertisement
ব্রিকসের জন্য দিল্লিতে বাংলাদেশকে আমন্ত্রণ, সেপ্টেম্বরেই মোদী-তারেক বৈঠক?
হাইলাইটস
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ
  • ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ' পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ
  • তবে কি সামনের মাসেই মোদী-তারেক বৈঠক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ। আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ' পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কি সামনের মাসেই এ দেশে দেখা যাবে বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রীকে? 

প্রথম আলো-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। আমেরিকা, ফিলিপাইন ও মলদ্বীপ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালেই ঢাকায় ফিরেছেন। ফলে ভারত সফর নিয়েও খুব শীঘ্রই তাঁর সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হবে বলে খবর। 

গত ২৩ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, 'ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নামে পাঠানো আমন্ত্রণ পত্র পররাষ্ট্র মন্ত্রকে পৌঁছেছে। সেটি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।'

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র মারফত জানা যাচ্ছে, গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশি কাউন্টারপার্টকে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। 

কয়েক বছর ধরেই বাংলাদেশ ব্রিকস সদস্য হতে আগ্রহী। সেই মর্মেই আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশ নেওয়া উচিত বলে মনে করছে আন্তর্জাতিক মহল। একইসঙ্গে এটি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য প্রথম বৈঠকের সুযোগও তৈরি হতে পারে। এমনটাই মনে করছেন প্রাক্তন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। 

ব্রিকসের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বর্তমানে ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও ইন্দোনেশিয়া, এই ১১ দেশ ব্রিকসের সদস্য। 

Advertisement

২০২৩ সাল থেকে বাংলাদেশ নিয়মিত ব্রিকসের আউটরিচ পর্বে যোগদানের আমন্ত্রণ পেয়ে এসেছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ২০২৪ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস আউটরিচে বাংলাদেশ অংশ নিয়েছিল। তবে ২০২৫ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যায়নি তারা। 

 

POST A COMMENT
Advertisement