Sheikh Hasina : হাসিনাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, এবার কী করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন পাওয়ার কথা স্বীকার করেছে নয়াদিল্লি। তবে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি বিদেশমন্ত্রক।

Advertisement
হাসিনাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, এবার কী করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাইলাইটস
  • তবে আইন বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে যেহেতু কোনও সংশয় নেই
  • তাই ভ্রমণ সংক্রান্ত নথি না থাকলেও দেশে ফিরতে পারেন হাসিনা

বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। তা নিয়ে শোরগোলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ সেই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলামের। তাঁর দাবি, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কোনও ইচ্ছে নেই হাসিনার। প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরিকল্পনাকে নিছক রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেন তিনি। তদাঁর কথায়, 'হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্ট। 

বিএনপি ঘনিষ্ঠ ও খালেদা জিয়ার হয়ে অতীতে মামলা লড়া আমিনুল বলেন, ' হাসিনা প্রকাশ্যে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা বললেও দেশে ফেরার জন্য এখনও পর্যন্ত কোনও আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করেননি। এমনকী আদালতে আত্মসমর্পণের জন্যও কোনও উদ্যোগ নেননি। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং দণ্ডিত পলাতক হিসেবে নিজের অবস্থান থেকে নজর ঘোরাতেই এই ধরনের ঘোষণা করছেন হাসিনা।' 

উল্লেখ্য, সোমবারই নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানান শেখ হাসিনা। তাঁর দাবি, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে। ৭৯ বছর বয়সি হাসিনা ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ।

হাসিনার মৃত্যুদণ্ডের প্রসঙ্গ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মহম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়।

আমিনুল ইসলামের বক্তব্য, হাসিনা যদি সত্যিই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে রাজনৈতিক বক্তব্য না দিয়ে প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক পথে দেশে ফেরার উদ্যোগ নিতেন। দ্য ডেইলি স্টার সংবাদপত্রকে তিনি বলেন, বাংলাদেশে ফিরতে হলে যে আইনি পদক্ষেপগুলি করা প্রয়োজন, হাসিনা তার কোনওটিই করছেন না।

Advertisement

অন্যদিকে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও হাসিনার জন্য কোনও ভ্রমণ সংক্রান্ত নথি বা পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা খারিজ করেছেন। তাঁকে পলাতক সন্ত্রাসবাদী এবং স্বৈরশাসক বলে কটাক্ষ করেছেন তিনি।

হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান কী?

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন পাওয়ার কথা স্বীকার করেছে নয়াদিল্লি। তবে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি বিদেশমন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই বাংলাদেশের আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আওয়ামি লিগের বেশ কয়েকজন নেতা, যাঁরা ছাত্র আন্দোলনের পর বাংলাদেশ ছেড়ে ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, সোশ্যাল মিডিয়া পডকাস্টে দাবি করেছেন, হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে।

তবে আইন বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে যেহেতু কোনও সংশয় নেই, তাই ভ্রমণ সংক্রান্ত নথি না থাকলেও দেশে ফিরতে পারেন হাসিনা। তাঁদের প্রশ্ন, নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট হওয়ার পরেও কেন তাঁর দেশে ফেরার পথে বাধা তৈরি করছে সরকার?

POST A COMMENT
Advertisement