ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা - ফাইল ছবিদুর্গাপুজোর মুখেই কি ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফেরে শুরু হয়ে যাবে? সম্ভাবনা জোরাল। ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, মিতালি ও বন্ধন, এই তিনটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাত্ অক্টোবরেই চালু হয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ চলাচলকারী তিনটি এক্সপ্রেস ট্রেন।
কলকাতা-রাজশাহী আরও একটি যাত্রীবাহী ট্রেন চায় বাংলাদেশ
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র খবর অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় ভারত ও বাংলাদেশের রেল কর্তৃপক্ষের মধ্যে মিটিং রয়েছে। দুদিন ধরে চলবে এই মিটিং। সেই মিটিংয়েই দ্বিপাক্ষিক ট্রেন পরিষেবা চালু হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ চায়, কলকাতা-রাজশাহী আরও একটি যাত্রীবাহী ট্রেন। সেই প্রস্তাবও ভারতকে দিতে চলেছে বাংলাদেশ। 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী, মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস চালু করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারতীয় রেল। দুই দেশের রেলের মিটিংয়ের পরে ভারত ও বাংলাদেশের সরকারের ছাড়পত্র পেলে, তবেই চালু হবে তিনটি ট্রেন।
হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ ট্রেন পরিষেবা
২০২৪ সালে বাংলাদেশে হিংসা ও হাসিনা সরকার পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। দুদেশের মধ্যে সম্পর্কেও শীতলতা তৈরি হয়। যার নির্যাস, বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। এরপর বাংলাদেশে বিএনপি সরকার আসার পরে ফের দুদেশের ভিসা চালু হয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন ঢাকা ও কলকাতার মধ্যে চালু হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-কলকাতা পথের বন্ধন এক্সপ্রেস। ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চলাচল শুরু হয়েছিল ২০২২ সালের ১ জুন।
দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ছে
ইতিমধ্যেই রেল সেক্টরে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বেড়েছে। ভারত থেকে অত্যাধুনিক ১৯ কোচের AC প্যাসেঞ্জার ট্রেন নিয়েছে বাংলাদেশ। কপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে বাংলাদেশ গিয়েছে ১৯ কোচের প্রথম LHB ব্রডগেজ প্যাসেঞ্জার রেক। বাংলাদেশের সঙ্গে রেলের চুক্তি অনুযায়ী, ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ ভারতের থেকে কিনবে বাংলাদেশ। ২০২৪ সালে এই চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী প্রথম LHB ব্রডগেজ প্যাসেঞ্জার রেক ঢাকা পাঠাচ্ছে রেল। রেলমন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালে রেল ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES)-কে অর্ডার দিয়েছিল বাংলাদেশ।