তারেক রহমানের ভারত সফর স্মরণীয় করে রাখতে চান PM মোদীবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর স্মরণীয় করে রাখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার একথা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন হাইকমিশনার।
মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এবং সিআইআই-এর একটি প্রতিনিধিদলকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে জানিয়েছে, দুই দেশের নেতার মধ্যে একটি বৈঠক প্রয়োজন।
ভারতীয় হাইকমিশনারের তরফে তারেক রহমানকে আশ্বাসবার্তা হিসেবে জানানো হয়, ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর প্রাপ্য সম্মানজনক অভ্যর্থনা পাবেন। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা শেষ পর্যন্ত উভয় দেশের জনগণ ও ব্যবসার জন্য লাভজনক হবে।
টিবিএসনিউজ.নেট-এ উল্লেখ করা হয়েছে, দীনেশ ত্রিবেদী বলেছেন, "পুরনো মতপার্থক্য দূর করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সম্পর্ক স্থবির করা চলবে না।" তিনি বলেন, "প্রাণবন্ত গণতন্ত্রের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং তা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।"
দীনেশ ত্রিবেদী জোর দিয়ে জানিয়েছেন, যে কোনও দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক ও নিঃশর্ত বিশ্বাস। দুই দেশ বর্তমানে কিছু বাধার সম্মুখীন হলেও, এগুলির কারণে বৃহত্তর সম্পর্ক দুর্বল হওয়া উচিত নয় বলেই মন্তব্য করেছে ভারতীয় হাই কমিশনার।
পারস্পরিক বিনিয়োগের জন্য কোম্পানিগুলিকে আবেদন
বাংলাদেশের নতুন প্রজন্মের কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, তরুণ বাংলাদেশের যুবকদের জন্য আরও সুযোগ তৈরি করতে এই দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের মধ্যে শুধু সীমান্তই নয়, ইতিহাস, সংস্কৃতি, স্বপ্ন ও আকাঙ্ক্ষারও যোগসূত্র রয়েছে। তাই জনগণের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়িক অংশগ্রহণ ও পার্টনারশিপ জোরদার করা জরুরি। তিনি ভারতীয় ও বাংলাদেশি কোম্পানিগুলোকে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।