
আগুন ধরিয়ে দেওয়া হল প্রায় ৩০টি বাড়িতে। Bangladesh Political Violence: ক্রমেই অশান্তি বাড়ছে বাংলাদেশে। এবার নড়াইল জেলায় আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হল প্রায় ৩০টি বাড়িতে। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে একাধিক দোকানেও। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলায় নিরাপত্তা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। মোট ৯৫ প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হামলা চলে। প্রাক্তন আওয়ামি লিগ সাংসদ বিএম কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। কালিয়া পুরসভার প্রাক্তন মেয়র এবং স্থানীয় আওয়ামি লিগের সাধারণ সম্পাদকের বাড়িতেও হামলা চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, BNP সমর্থকরা প্রায় ৫০টি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট চালান। আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BNP নেতৃত্ব।
দুই BNP নেতার মৃত্যুর পরেই উত্তেজনা চরমে
পুলিশের দাবি, গত ১৮ নভেম্বর নড়াইলে BNP-র একটি মোটরবাইক মিছিলে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় দুই BNP নেতার মৃত্যু হয়। শুক্রবার তাঁদের আত্মীয়-সমর্থকরা বেন্দারচরে জড়ো হন। এর পরেই আওয়ামি লিগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানো হয় বলে বক্তব্য পুলিশের।
৯৫ প্লাটুন BGB মোতায়েন
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজিপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। BGB-র ৯৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলেও নজরদারি বাড়ানো হয়েছে।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। ২০২৪ সালের অগাস্ট থেকে তিনি ভারতে রয়েছেন। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়েছিলেন হাসিনার আইনজীবীরা। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার। এরপরেই হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করে আওয়ামি লিগ। ১৯ নভেম্বর দেশজুড়ে বন্ধের ডাক দেওয়া হয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, বোমা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি সপ্তাহে একাধিক হিংসার ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গোটা বিষয়টি এখন কোনদিকে এগোয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।