ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার চিনাদেরঢাকার বস্তি এলাকার ভিডিও তৈরি করে সেগুলোকে ভারতীয় এলাকা হিসেবে দেখিয়ে ভারতকে বদনাম করার অভিযোগে অভিযুক্ত চিনা ভ্লগারদের ওপর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ। ভারতের আপত্তির পর স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো চিনা নাগরিকদের কার্যকলাপের ওপর নজরদারি শুরু করে।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপে চিনা ভ্লগারদের তৎপরতা কমেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের ওপর নজর রাখছে।
বাংলাদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৫০ জন চিনা নাগরিক ঢাকার টেকপাড়া ও উত্তরা এলাকায় সক্রিয় ছিল। তারা সরু রাস্তা ও স্বল্প আয়ের বসতিগুলোর ভিডিও তৈরি করে চিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করছিল। অভিযোগ রয়েছে, তারা ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লি হিসেবে দেখাচ্ছিল
এবং সেখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে অবমাননাকর মন্তব্য করছিল।
রিপোর্ট অনুসারে, এই ভ্লগাররা মানুষের বাড়িঘর ও দৈনন্দিন কার্যকলাপ রেকর্ড করত। কিছু ক্ষেত্রে, তারা আবাসিক কমপ্লেক্সেও প্রবেশ করত। স্থানীয় বাসিন্দারা জানতেন না যে তাদের ভিডিওগুলো কোথায় আপলোড করা হচ্ছে বা সেগুলোতে তাদের কীভাবে দেখান হচ্ছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম উদ্বেগ প্রকাশ করেছে, এটি সংগঠিত অপপ্রচার অভিযানের অংশ হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, তাদের কার্যকলাপ আগে পুলিশের নজরদারির বাইরে ছিল এবং ১০০ জনেরও বেশি ভ্লগার প্রতিদিন এ ধরনের ভিডিও তৈরি করত। অভিযোগ উঠেছে যে, তারা এই কাজের জন্য বাংলাদেশি নাগরিকদেরও অর্থ প্রদান করত। ১০ নভেম্বর ভারত এ বিষয়ে আপত্তি জানায়। ১০ নভেম্বর ভারতের বিদেশমন্ত্রক এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে বদনাম করার জন্য মিথ্যা দাবি ছড়ানো চিনা ভ্লগারদের বিরুদ্ধে বাংলাদেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এরপর বাংলাদেশ কর্তৃপক্ষ চিনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা দেখাতে বলে। পর্যটন ভিসায় বাংলাদেশে এসে তারা কেন এ ধরনের কার্যকলাপে জড়িত, সে বিষয়েও তাদের জিজ্ঞাসা করা হয়। পুলিশকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, চিনা নাগরিকদের এও বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হলে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তবে, ভিসার নিয়ম লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কোনও তথ্য নেই।
যদিও, চিনা নাগরিকদের কার্যকলাপের বিষয়ে কোনও আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে কিনা, কিংবা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে উত্তরা ও টেকপাড়া এলাকায় চিনা নাগরিকদের দেখা যাচ্ছে না। টেকপাড়ার বাসিন্দা মহম্মদ সেলিম জানান, অসুস্থতার কারণে তিনি দু'দিন ধরে বাড়িতে আছেন এবং এই সময়ে এলাকায় কোনও চিনা নাগরিককে দেখেননি। রিকশাচালক ইমামুল ইসলাম বলেন, উত্তরার সেক্টর ১২-এর কাছে খালের ওপরের সেতুটি চিনা নাগরিকদের আস্তানা ছিল। তিনি বলেন, তারা দিনরাত স্থানীয় বাসিন্দা ও রিকশাযাত্রীদের ভিডিও করত। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে তিনি তাদের সেখানে দেখেননি।