ছবি : AFP বাংলাদেশে ফের অশান্তির আবহ। ঢাকায় একের পর এক বোমা বিস্ফোরণ, বাসে আগুন, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। রাজধানী ঢাকা থেকে গাজিপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর-সহ একাধিক জেলায় ছড়িয়ে পড়ছে হিংসা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কয়েকশো মানুষকে গ্রেফতার বা আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি।
বাংলাদেশের প্রশাসনের অভিযোগ, এই অশান্তির নেপথ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামি লিগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা। তাৎপর্যপূর্ণ ভাবে, ভারত থেকে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা। আগামী ডিসেম্বরের মধ্যে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ভোরে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মহিলা আসনের সাংসদ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কুষ্টিয়ার এই সাংসদের বাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরানো হয় বলে অভিযোগ। এর আগে বুধবার ঢাকায় দু’টি বাস ও একটি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পাবনা সদর এলাকায় একটি গ্রামীণ ব্যাঙ্কের শাখাতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’।
একাধিক জায়গায় বিস্ফোরণ, পুড়ছে বাস
বাংলাদেশে অশান্তির ঘটনা অবশ্য গত কয়েক দিন ধরেই বাড়ছিল। ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর রিপোর্ট অনুযায়ী, ৯ ও ১০ নভেম্বর দেশের বিভিন্ন জায়গায় অন্তত ২২ জায়গায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১ থেকে ৮ নভেম্বরের মধ্যে শুধু ঢাকাতেই অন্তত ১৫টি বিস্ফোরণের খবর সামনে আসে। আগারগাঁও মেট্রো স্টেশন, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, জুলাই মেমোরিয়াল মিউজিয়াম এবং রাজাবাগ পুলিশ লাইনসের কাছেও বিস্ফোরণ হয়।
৫ নভেম্বর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতে এক পুলিশকর্মী জখম হন। রাজধানীর বাইরেও অশান্তি ছড়িয়ে পড়ছে দ্রুত। ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে ১৯টি বাসে আগুন লাগানো এবং ২৭টি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর রিপোর্টে দাবি করা হয়েছে। ফরিদপুরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার পর ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় এক চালকের।
এর আগে ৩০ অক্টোবর ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ডের কাছেও একাধিক কাঁচা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ চারজনকে গ্রেফতার করে এবং ১৩টি বিস্ফোরক উদ্ধার করে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আওয়ামি লিগের অবরোধ কর্মসূচি ঘিরে উত্তেজনা
১০ নভেম্বর থেকে অশান্তি আরও রাজনৈতিক চেহারা নেয়। ওই দিন দেশজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্র লিগ। সংগঠনটি শেখ হাসিনার আওয়ামি লিগের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ৯ নভেম্বর নিজেদের ফেসবুক পেজে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়।
শরিয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামি লিগ ও ছাত্র লিগের কর্মীরা। তাঁদের হাতে লাঠি ছিল। বোমা বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় রাস্তায় আটকে পড়ে বহু গাড়ি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেও রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে। পুলিশ অবরোধ সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এরপর পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে রিপোর্টে দাবি। কাশিয়ানি ও গোপালগঞ্জ শহরেও অবরোধের খবর পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
পোশাকশিল্পের শ্রমিক বিক্ষোভেও উত্তপ্ত পরিস্থিতি
বাংলাদেশের অশান্তির পিছনে শুধু রাজনৈতিক সংঘাতই নয়, রয়েছে অর্থনৈতিক অসন্তোষও। তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। ২০২৩ সালে শেষবার তাঁদের বেতন সংশোধন করা হয়েছিল। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে ঢাকা, গাজিপুর ও সাভার এলাকায় এই বিক্ষোভ আরও তীব্র হয়।
শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিকবার সংঘর্ষ হয়েছে। গাড়ি, কারখানা, গুদাম এবং অন্যান্য সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতির জেরে কয়েকশো পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়। পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রী, সাংসদ এবং ওই দলের সঙ্গে যুক্ত কিছু কারখানার মালিক শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিও যে বিক্ষোভের একটি স্বতন্ত্র কারণ, তা অস্বীকার করা হচ্ছে না।
হিংসার জন্য হাসিনার দলকে দায়ী করছে প্রশাসন
বাংলাদেশের প্রশাসন ও পুলিশ সাম্প্রতিক অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের পিছনে নিষিদ্ধ আওয়ামি লিগের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। ৮ নভেম্বর পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মহম্মদ সায়েদুর রহমান বলেন, এই ঘটনাগুলির উদ্দেশ্য সরকারকে অস্থিতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো।
‘দ্য ডেইলি স্টার’-এর রিপোর্ট অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আওয়ামি লিগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের পৃথক অভিযানে ৮৯৮ জনকে গ্রেফতার করা হয় বলে দাবি। ১০ নভেম্বর ঢাকায় অন্তত ৩৩ জনকে গ্রেফতারের কথা জানান পুলিশের মুখপাত্র মহম্মদ আখতার হোসেন। তাঁর দাবি, ধৃতদের কয়েকজন নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। হামলা চালানোর জন্য কয়েকজনকে টাকা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।
তবে শ্রমিক বিক্ষোভের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সরাসরি যোগ রয়েছে, এমন দাবি মানতে নারাজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আওয়ামি লিগের সঙ্গে হিংসার যোগ থাকার কথা স্বীকার করলেও, এই অশান্তি হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে, এমন ধারণা খারিজ করেছেন।
ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা
২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই রয়েছেন শেখ হাসিনা। চলতি বছরের অগস্টে নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে একাধিক সাক্ষাৎকারেও সেই অবস্থান বজায় রেখেছেন। এমনকী গ্রেফতার, কারাবাস বা মৃত্যুর ঝুঁকি থাকলেও দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বর মাসে হাসিনাকে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। ৯ নভেম্বর হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের আবেদনও করেন। তবে ঢাকার তরফে সেই আবেদন খারিজ করে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফেরাতে হবে।
২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বাংলাদেশে রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ, অবরোধ এবং শ্রমিক বিক্ষোভ সেই পরিস্থিতিকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে নিষিদ্ধ আওয়ামি লিগের বিরুদ্ধে অস্থিরতা তৈরির অভিযোগ, অন্যদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন। তার সঙ্গে হাসিনার দেশে ফেরার পরিকল্পনা। সব মিলিয়ে ডিসেম্বরের আগেই বাংলাদেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়ছে।