Bangladesh Social Media : বাংলাদেশে ১৬ বছরের নিচে আর ব্যববহার করা যাবে না সোশ্য়াল মিডিয়া? বিরাট পদক্ষেপ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনতে বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

Advertisement
বাংলাদেশে ১৬ বছরের নিচে আর ব্যববহার করা যাবে না সোশ্য়াল মিডিয়া? বিরাট পদক্ষেপ  প্রতীকী ছবি
হাইলাইটস
  • চলতি মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ ফয়জল দস্তগির এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন
  • এর ফলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বাংলাদেশের হাইকোর্ট। নাবালকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ আটকাতে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে শিশুদের উপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত কনটেন্টের প্রভাব খতিয়ে দেখতে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

'প্রথম আলো' সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোনও জাতীয় নীতিমালা না থাকার বিষয়টি তুলে ধরে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেয় বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ।

আদালত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিদ, শিশু চিকিৎসক এবং আইন বিশেষজ্ঞদের রাখার কথা বলা হয়েছে।
  
 কী খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি?

বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী একের পর এক কনটেন্ট দেখানো হয়। এই ব্যবস্থার প্রভাব শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের উপর কতটা পড়ছে, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি।  বিশেষ করে অ্যালগরিদম নিয়ন্ত্রিত রেকমেন্ডেশন সিস্টেম কীভাবে শিশুদের আচরণ, অনলাইন কনটেন্টের প্রতি আকর্ষণ এবং সামগ্রিক বিকাশকে প্রভাবিত করছে, তা বিশ্লেষণ করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে কী ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে, শিশুদের উপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত কনটেন্টের প্রভাব যাচাই করতে স্বাধীন কমিটি গঠন না করা এবং ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা তৈরি করতে ব্যর্থ হওয়াকে কেন বেআইনি ও আইনগত ক্ষমতার বাইরে বলে ঘোষণা করা হবে না।

কেন এই মামলা?

Advertisement

চলতি মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ ফয়জল দস্তগির এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। তিনি নিজেই আদালতে সওয়াল করেন। তাঁর বক্তব্য ছিল, ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে কোনও নির্দিষ্ট কাঠামো না থাকায় তারা অবাধে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর ফলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বিভিন্ন গবেষণার উল্লেখ করে জানান, অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুদের চোখের দৃষ্টিশক্তির সমস্যাসহ একাধিক শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটি জাতীয় নীতিমালা তৈরি করা জরুরি।

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন কোন দেশে বিধিনিষেধ?

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনতে বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এই ধরনের বিধিনিষেধ কার্যকর করা বিশ্বের প্রথম দেশ অস্ট্রেলিয়া। সেখানে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে ১৬ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট খোলা বা চালু রাখা আটকাতে যুক্তিসঙ্গত পদক্ষেপ করতে বলা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়াতেও এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছে ইন্দোনেশিয়া। ২০২৬ সালের ২৮ মার্চ থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি।

মালয়েশিয়াতেও ২০২৬ সালের জুন থেকে বয়স যাচাইয়ের নিয়ম কার্যকর হয়েছে। ১৬ বছরের কম বয়সিরা যাতে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে না পারে, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরনো অ্যাকাউন্ট ব্যবহারকারীদেরও বয়স যাচাই করতে হচ্ছে।

ব্রিটেনেও ১৬ বছরের কম বয়সীদের বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের বসন্ত থেকে এই বিধিনিষেধ কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক নিয়ম সংসদে পেশ করার কথা। পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য রাতের নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা এবং শিশুদের জন্য ইনফিনিট স্ক্রলিং ব্যবস্থা বন্ধ করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

কানাডাতেও ২০২৬ সালের জুনে সংসদে একটি বিল পেশ করা হয়েছে। সেখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ন্যূনতম বয়স ১৬ বছর করার প্রস্তাব রয়েছে। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি।

ব্রাজিল ২০২৬ সালে নতুন নিয়ম চালু করেছে। সেখানে ১৬ বছরের কম বয়সিদের ক্ষেত্রে বয়স যাচাই এবং অভিভাবকদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নও এই বিষয়ে পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রস্তাবিত EU KIDS Act অনুযায়ী, ১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ১৫ বছর বয়সকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট ব্যবহারের ন্যূনতম সীমা করার প্রস্তাব রয়েছে।

POST A COMMENT
Advertisement