প্রতীকী ছবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। হাসিনাকে প্রত্যর্পণের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ভারত দু'টি শর্ত দিয়েছে। এমনই দাবি সামনে এল। আর সেই দাবি ঘিরে জলঘোলা শুরু হয়েছে।
এই সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আগে ভারত দু'টি শর্তের কথা জানিয়েছে। বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, প্রথম শর্ত অনুযায়ী, হাসিনাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে। তাঁকে আনতে ভারত পাঠাতে হবে সামরিক বিমান। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসার সময় যেভাবে বিমান ব্যবহার করা হয়েছিল, ফেরানোর ক্ষেত্রেও তেমন ব্যবস্থার কথা বলা হয়েছে বলে দাবি। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর জওয়ানরা ভারত গিয়ে সেখান থেকে হাসিনাকে ঢাকায় নিয়ে আসবেন।
প্রতিবেদনে দ্বিতীয় শর্ত হিসেবে জানানো হয়েছে, হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের আন্দোলনে হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নিশ্চয়তা চেয়েছে ভারত বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
তবে বিবিসির এই রিপোর্ট নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বিষয়টিকে আইনি ও প্রযুক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, 'এটি একটি আইনি বিষয়।' পাশাপাশি, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথির প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
এদিকে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ঢাকার বক্তব্য, হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে এমন কোনও আলোচনা হয়নি। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনও শর্ত দিলে তা বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, 'এই বিষয়ে ভারতের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি।' তাঁর দাবি, প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বারবার ভারতকে চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর বক্তব্য, হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য অভিযুক্তদের মতোই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর সাজা কার্যকর করা উচিত বলে মনে করে ঢাকা।
ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান হাসিনা
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অনুপস্থিতিতেই তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা বলে জানা গিয়েছে।
তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বরং হাসিনার ভারতে অবস্থান ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় কূটনৈতিক সমস্যা হয়ে উঠেছে। এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ন'মাস পেরিয়ে গেলেও তারেক রহমানের ভারত সফর এখনও অনিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন হাসিনার
এর আগে চলতি মাসেই নতুন করে বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এই আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। দেশে ফিরলে গ্রেফতার, কারাবাস এমনকী প্রাণনাশের আশঙ্কা থাকলেও বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
রয়টার্সকে দেওয়া এক অডিয়ো সাক্ষাৎকারে হাসিনা বলেন, ১৯৮১ সালে সামরিক শাসনের সময়ও তিনি বাংলাদেশে ফিরেছিলেন। ২০০৭ সালেও সামরিক সমর্থিত সরকারের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কা সত্ত্বেও দেশে ফিরেছিলেন। তাঁর কথায়, যা সঠিক বলে বিশ্বাস করেন, তা করার ক্ষেত্রে ভয় কখনও তাঁকে আটকাতে পারেনি।
অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, কোনও সন্ত্রাসবাদীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরানোর বিষয়টি আসলে বন্দি হস্তান্তরের প্রক্রিয়া।
বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানও সম্প্রতি জানিয়েছেন, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তরফে প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার ভারতের সিদ্ধান্তের অপেক্ষা। তাঁর কথায়, 'আমাদের দিক থেকে যা যা প্রয়োজন, সব সম্পন্ন হয়েছে। ভারত কী করবে, সেটা তাদের বিষয়।'