
একদিকে শেখ হাসিনার ফেরার জল্পনা ঘিরে হিংসা। অন্যদিকে বস্ত্রশিল্প শ্রমিকদের ক্ষোভ। সব মিলিয়ে জ্বলছে বাংলাদেশ। ডিসেম্বরেই ঢাকায় ফিরতে পারেন হাসিনা। এই গুঞ্জন চলছে। আর তাতেই উত্তপ্ত পরিস্থিতি হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ামী লিগের কর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। অস্ত্র হাতে থানার ভিতরে ভাঙচুর চালাতেও দেখা গিয়েছে। গোপালগঞ্জের মাটি থেকেই শোনা যাচ্ছে বাংলাদেশে ‘দ্বিতীয় স্বাধীনতা’র স্লোগান।

এই পরিস্থিতির মধ্যে আবার বিএনপি সরকারকে চাপে রাখছে বস্ত্রশিল্পের কর্মীরাও। ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল অবস্থা। গত মঙ্গলবার ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভে নামেন কয়েক হাজার পোশাক শ্রমিক। পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলগুলিতে ১,০০০-এর বেশি আধাসেনা মোতায়েন করেছে বাংলাদেশ প্রশাসন। বিক্ষোভের জেরে একাধিক পোশাক কারখানার উৎপাদনও বন্ধ হয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে নিরাপত্তাবাহিনী। ঢাকার আশুলিয়া, গাজিপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ৪২ প্লাটুন আধাসেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে ড্রোনও ব্যবহার করছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, তিনটি মহাসড়কের মধ্যে দু'টি থেকে অবরোধ সরানো সম্ভব হয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ সড়কে মাঝেমধ্যেই যান চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রধান অঞ্চলগুলিতে অক্টোবরের শেষ দিক থেকেই দফায় দফায় শ্রমিক বিক্ষোভ চলছে। বর্তমানে মাসে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম বেতন পান শ্রমিকরা। সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তাঁরা। শ্রমিকদের বক্তব্য, খাদ্য, বাসস্থান, পরিবহণ ও চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ঢাকার মীরপুর, সাভার ও আশুলিয়া এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মীরপুরে দারুস সালাম ও শাহ আলি থানা এলাকার শ্রমিকরা মীরপুর-১০ মোড়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দেয়। পরে সকাল সাড়ে ১০টা নাগাদ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

সাভারের ফুলবাড়িয়া এলাকায় সকাল ১১টা নাগাদ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় ৫০ মিনিট ধরে চলে অবরোধ। এর জেরে রাস্তার দু'দিকে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। হেমায়েতপুর এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। অভিযোগ, রাস্তা আটকাতে টায়ার ও আবর্জনায় আগুন ধরান আন্দোলনকারীরা। পুলিশ ও BGB কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও উঠেছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। গত ১ নভেম্বর শ্রমিক, কারখানার মালিকপক্ষ ও সরকারি প্রতিনিধিদের নিয়ে ছ'সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। এক সিনিয়র জেলা বিচারককে এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ৪ ও ৯ নভেম্বর বোর্ডের বৈঠক হয়েছে। নভেম্বরের শেষের দিকে বেতন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার কথা ছিল। তবে ১৬ নভেম্বরের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী বৈঠক হওয়ার কথা। সেখানে কারখানার মালিকপক্ষের প্রতিনিধি নতুন বেতন কাঠামোর প্রস্তাব পেশ করবেন।

চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রফতানিকারক দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই শিল্পে ৪০ লক্ষেরও বেশি মানুষ কর্মরত। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্রশিল্প থেকে।