কতদিন চলবে দুর্যোগ?আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। ইতিমধ্যেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অ্যালার্ট জারি
দুপুরবেলায় আবহাওয়া অফিস থেকে জারি করা হয়েছে ইয়লো অ্যালার্ট। যেখানে বলা হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড়বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে শিলাবৃষ্টিও। অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। লাল সকর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সময়ে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
কতদিন চলবে?
আবহাওয়ার এই স্পেলই আগামী কয়েকদিন বজায় থাকতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবারও একইরকম থাকবে আবহাওয়া। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়।
আগামীতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এদিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তুমুল ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চললেও ওই দিন বিকেলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার ও রবিবার আকাশ পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রাও।
কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি?
উত্তরবঙ্গেও প্রায় প্রতি দিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় কমেছে তাপমাত্রা
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় টানা ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। লাগাতার ঝড়বৃষ্টির দাপটে লাগামছাড়া গরম থেকে কিছুটা নিস্তার মিলেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা মরশুমের স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস।