তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক কে? মমতার তৃণমূল না ঋতব্রতের তৃণমূল? বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে আপাতত সেই বিবাদের অবসান। তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সীমিত আকারে আর্থিক লেনদেনের অনুমতি দিল আদালত। তবে হাইকোর্ট একটা শর্তও জুড়ে দিয়েছে। কী সেটা? সমস্ত লেনদেনের ওপর নজরদারি রাখবেন স্পেশাল অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। তবে বড় খবর হল, অ্যাকাউন্টগুলি থেকে লেনদেনের এই অধিকার পেয়েছে কালীঘাট তৃণমূল। মোদ্দা কথা, দলের প্রয়োজনে খরচ করার আইনি অধিকার পেলেন মমতা। আদালতের নির্দেশ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট দুই পদাধিকারীর যৌথ স্বাক্ষরের চেকের মাধ্যমেই কেবল এই খরচের অনুমোদন দিতে পারবেন সুব্রত তালুকদার। তবে এটা মমতার তৃণমূল জয় বলে এখনই বলা যাবে না। কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, এই অন্তর্বর্তী ব্যবস্থা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।